আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ মডেল থানার প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে অভিযানের তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এতে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অংশ নেন।
অভিযানে মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনা এবং এতে অংশ নেয়ার অভিযোগে বিভিন্ন স্থান থেকে ২১ জনকে আটক করা হয়।
আরও পড়ুন:
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণদের এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোরভাবে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্র সম্পর্কে তথ্য সংগ্রহ এবং নজরদারি অব্যাহত রয়েছে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
পুলিশ সূত্রে জানা গেছে, অনলাইন জুয়া ও প্রযুক্তিনির্ভর অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
আটক ২১ জনকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।





