জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের কাছ থেকে মামলাটির নথিপত্র পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদের কাছে হস্তান্তর করা হচ্ছে। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এই আদেশ জারি হয়েছে। নতুন তদন্তকারী কর্মকর্তা জানান, নথিপত্র হাতে পাওয়ার পর দ্রুততম সময়ে আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করার চেষ্টা করবেন তারা।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ ও মোবাইল ফোনের সূত্র ধরে এ হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন ইতোমধ্যে কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের আদেশে দুই আসামিকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে এবং অপর দুজনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।





