ঝিনাইদহে এসআরবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার

ঝিনাইদহ
উদ্ধারকৃত পণ্য হেরোইন
এখন জনপদে
1

ঝিনাইদহ সদর থানার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৬। গতকাল (রোববার, ৪ অক্টোবর) রাত আটটার দিকে টার্মিনাল ভবনের রূপসা পরিবহন কাউন্টারের দক্ষিণ পাশের দেয়ালসংলগ্ন এলাকা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

এসআরবি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। দলটির উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ৪২৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে এগুলো জব্দ করা হয়।

সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার বলেন, ‘উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধীদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

জেআর