কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

বিএসএফের গুলিতে আহত কৃষককে স্থানীয়রা উদ্ধার করেছেন
এখন জনপদে
1

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) পাল্টা গুলি করেছে।

আজ (শনিবার, ১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাহাজুল একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের শামাজুলের ছেলে।

পরে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/১০-এস সীমান্ত পিলারের কাছে কৃষক সাহাজুল তার নিজ জমিতে কাজ করছিলো। এসময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে কৃষক সাহাজুল আহত হলে খবর পেয়ে জামালপুর ক্যাম্পের টহলরত বিজিবিও পাল্টা গুলি চালালে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা আহত কৃষককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় বেলা সাড়ে ১১টায় একই সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলে বিজিবি গুলি করে কৃষক আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানায়।

এসএইচ