কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন

জানাজার সময়
এখন জনপদে
2

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিন সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জে। আজ (বুধবার, ২৮ অক্টোবর) বাদ জোহর ফতুল্লার পোস্ট অফিস সংলগ্ন শাহজাহান রোলিং মিলের পাশে বায়তুল নাজাত জামে মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন— নাফিজ তেহামি (২৪), তার বড় বোন ফারিয়া কবির (৩৩) এবং ফারিয়ার সাত বছর বয়সী ছেলে মো. ফাইজান নূর। একসঙ্গে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকাহত স্বজন ও পরিবারের অন্য সদস্যরা।

নাফিজ তেহামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, ফারিয়ার ছেলে ফাইজান নূর চুয়াডাঙ্গার প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের কেজি-টু শ্রেণিতে পড়াশোনা করত।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতদের দাদা ও নানার বাড়ি নারায়ণগঞ্জে। দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাদের দাদার কবরের পাশেই তিনজনকে সমাহিত করা হয়েছে। নাফিজ তেহামির বাবা জিহাদুল কবির একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ফারিয়া কবিরের স্বামী নূর আলম ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে কর্মরত রয়েছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। তাদের দাবি, যথাযথ ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে হয়তো এই মর্মান্তিক পরিণতি এড়ানো সম্ভব হতো।

নিহতদের পরিবার জানায়, মোট ১০ জন মিলে তারা কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। এ ঘটনায় নিহত আরেক খালাতো বোন মেহজাবিনকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দাফন করা হয়েছে। অন্য দুই খালাতো বোন ইসরাত জাহান ও লায়লা জাহান নাবিলাকে দাফন করা হয়েছে টাঙ্গাইলের নাগরপুরে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোট ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে একই পরিবারের এই তিন সদস্যকে নারায়ণগঞ্জের দাপা ইদ্রাকপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

জেআর