পেট্রাপোলে বিজিবি-বিএসএফের আঞ্চলিক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

বৈঠক অনুষ্ঠিত
এখন জনপদে
0

সীমান্ত হত্যা বন্ধসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অন্যদিকে, বিএসএফের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বৈঠকের সিদ্ধান্ত সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি মঙ্গলবার দুপুরে শেষ হয়।

এফএস