নলডাঙ্গায় সারের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্ষ, পুলিশ মোতায়েন

সারের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্ষ
এখন জনপদে
0

নাটোরের নলডাঙ্গায় সার নেয়ার জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন কৃষক আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার নলডাঙ্গা উপজেলার বিসিআইসি সার ডিলার শ্যাম সুন্দর আগারওয়ালের দোকানে সার বিতরণ করা হয়।

কিন্তু সকাল থেকেই শত শত কৃষক দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে যায়। এসময় লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের মধ্যে সকালে এক দফা সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। এসময় স্থানীয়রা নিয়ন্ত্রণ করেন।

আরও পড়ুন:

পরে বেলা সাড়ে ১১টার দিকে আবারও সারের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় কয়েকজন আহত হন। তবে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গতকালও (বুধবার, ৪ নভেম্বর) একই উপজেলার মাধনগরে সার বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এসএস