ঢাকা দক্ষিণ সিটির এডিস মশার লার্ভা জরিপ অনুযায়ী- ২৯টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের একটি এই ২৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে আজিমপুর, লালবাগ, হাজারীবাগ, নীলক্ষেতের মতো গুরুত্বপূর্ণ এলাকা এখন ডেঙ্গুর হটস্পট।
পুরনো ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় যত্রতত্র ময়লা, ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকায় বাড়ছে ডেঙ্গুঝুঁকি। এছাড়া নির্মাণাধীন ভবন ও বহুতল ভবনে জমে থাকা পানিতেও মশার লার্ভা জমে থাকায় এসব এলাকায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।
স্থানীয়দের অভিযোগ, ডেঙ্গুর প্রকোপ বেশি থাকার পরও মশক নিধনে নিয়মিত মশক কর্মীদের দেখা মেলে না এসব এলাকায়। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যকরি পদক্ষেপ এবং তদারকির দাবি জানান তারা।
স্থানীয়রা জানান, তদারকি তেমন একটা দেখা যায় না। ১০ দিন ১৫ দিন পর পর আসে। ধোয়া একবার দিয়ে যায়। কাজের কাজ কিছুই হয় না। আর দিনের চেয়ে রাতে মশা বেশি মনে হয়।
তবে দক্ষিণের প্রশাসকের দাবি ডেঙ্গু নিধনে মশক কর্মীদের কোনো গাফিলতি নেই। রবিবার সকালে রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টারসহ একযোগে ২৯টি এলাকায় বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে দক্ষিণের প্রশাসক আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন নয়, নাগরিকদেরও সামগ্রিকভাবে সচেতন হতে হবে এক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব অর্ধেক এবং নাগরিকদের দায়িত্ব অর্ধেক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘৫০-৫০ দায়িত্ব আমাদের। সিটি কর্পোরেশনের দায়িত্ব ৫০ পারসেন্ট, জনগণের দায়িত্ব ৫০ পারসেন্ট। কাজেই উভয় মিলে ১০০ পারসেন্ট। উভয়ে মিলে যদি আমরা কাজ করি, তাহলে ঢাকা শহরকে আমরা ইনশাআল্লাহ ডেঙ্গুমুক্ত করতে পারব।’
এ সময় প্রশাসক জানান ডেঙ্গু নিধনে এই অভিযান দুই সপ্তাহ পর্যন্ত চলবে এবং প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ৪৫৮ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে চলতি নভেম্বরের প্রথম সাতদিনেই মৃত্যু হয়েছে ৩৯ জনের।





