আজ (সোমবার, ৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বরগুনা জেলার বিভিন্ন উপজেলার ঠিকাদার ও ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে ঠিকাদাররা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নতুন রেট শিডিউল প্রকাশ না করায় বর্তমান চড়া বাজারদরের সঙ্গে উন্নয়ন কাজের ব্যয়ের সমন্বয় করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কাজ করতে গিয়ে তারা আর্থিকভাবে চরম লোকসানের মুখে পড়ছেন। তাই নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত মেইনটেন্যান্সসহ সব ধরনের টেন্ডার বয়কটের ঘোষণা দেন তারা।
এসময় বক্তারা বরগুনা জেলার এলজিইডি, শিক্ষা অধিদপ্তর, গণপূর্ত বিভাগ ও সড়ক বিভাগসহ অন্যান্য দপ্তরের চলমান সব টেন্ডার অবিলম্বে বাতিলের দাবি জানান।
আরও পড়ুন:
এসময় ন্যায্য রেট শিডিউল প্রকাশ এবং ঠিকাদারদের এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বানও জানান বক্তারা।
এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেয়া হলে বরগুনার ঠিকাদার সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।




