আতশবাজি ছাড়া যেন অসম্পূর্ণ আলোর উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের প্রিয় দীপাবলি উপলক্ষে তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও রোববার রাতে আতশবাজির ফুলঝুরি ফুটছিল ভারতজুড়ে। বর্ণিল আলোকসজ্জায় আলোকিত বিভিন্ন ভবন ও মন্দির।
একজন শিক্ষার্থী বলেন, ‘কলেজ আর স্কুলের পরীক্ষার পর থেকেই আমরা একটা পুনর্মিলনের পরিকল্পনা করার চেষ্টা করছিলাম। অবশেষে দীপাবলিতে সেটা করতে পারলাম। ভাইবোনরা একসাথে বাজি ফোটাই, খুব ভালো লাগে।’
রাতভর উৎসবের পর, তীব্র ধোঁয়াশায় সোমবার ঘুম ভাঙে দিল্লিবাসীর। দিন শুরু হয় বাতাসের সামগ্রিক মান ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছে যাওয়ার মধ্য দিয়েই।
কয়েকজন জানান, যখন বাজি পোড়ানোর অনুমতি ছিল না, তখন দিল্লিতে কোনো সমস্যা ছিলো না। এ বছর অনুমতি দেয়ায় ব্যাপক দূষণ হয়েছে।
শীতের শুষ্ক মৌসুম এগিয়ে আসতে থাকায় প্রতি বছরের মতোই এবারই দীপাবলির আগেই দিল্লিসহ ভারতের বিস্তীর্ণ এলাকায় বায়ুমানের আশঙ্কাজনক অবনতি হচ্ছিল। দীপাবলির রাতে ব্যাপক আতশবাজি ও পটকার কারণে সৃষ্ট ধোঁয়ায় মারাত্মক রূপ নেয় বায়ুদূষণ পরিস্থিতি।
ভোরে দৃষ্টিসীমা ছিলো শূন্যের কাছাকাছি। ভারতের বায়ু মান ব্যবস্থাপনা কমিশনের তথ্য, দিল্লির বায়ু মান সূচক পৌঁছেছিল ৪শ'র কাছাকাছি; বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে যা অনেকটা বেশি। যদিও প্রকৃত পরিস্থিতি আরও অনেক মারাত্মক, বলছেন বিরোধীরা।
দিল্লির আম আদমি পার্টির প্রেসিডেন্ট সৌরভ ভরদ্বাজ বলেন, ‘সরকারি তথ্যের পুরোটাই কারচুপির ওপর দাঁড়িয়ে আছে। একের পর এক স্টেশন কীভাবে বন্ধ করে দেয়া হয়েছে, কীভাবে দিল্লির দূরদূরান্তে দূষণ নেই- এমন এলাকায় ২০টি বায়ু মান পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে যেখানে দূষণের মাত্রা বেশি- সেখানে সেখানে কীভাবে স্টেশনের ওপরেই পানি ছেটানো হচ্ছে, এসবই আমরা আগেও বলেছি। সাধারণ মানুষ সরকারের এই বায়ু মান সূচক সংক্রান্ত তথ্যে বিন্দুমাত্র বিশ্বাস করে না, আমি তো একেবারেই করি না।’
বিজেপি-নেতৃত্বাধীন দিল্লি সরকারের বিরুদ্ধে কারচুপি করে প্রকৃত পরিস্থিতি গোপনের অভিযোগ করে এই নেতার দাবি, সরকারের দেখানো তথ্যের চেয়েও দূষণ বেশি প্রায় সাত থেকে আট গুণ।
আম আদমি পার্টির প্রেসিডেন্ট সৌরভ ভরদ্বাজ আরও বলেন, ‘দিল্লির কিছু স্থানে বায়ু মান সূচক তিন হাজারের বেশি ছিলো। তিন হাজারের বেশি একিউআই থাকলে সে পিএম ২ দশমিক ৫ মাত্রার দূষিত বাতাস আপনার ফুসফুসে পৌঁছাবে, সেখান থেকে রক্তে পৌঁছাবে। কারো যদি সামান্য হৃদরোগও থাকে, এই বাতাসে শ্বাস নিলে তার রক্তচাপ বেড়ে যাবে, তার হৃৎপিণ্ড বিকল হতে পারে। কোনো বাচ্চার শ্বাসকষ্ট থাকলে তার দম বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতেও সরকার মিথ্যে তথ্য দেখালে তারা এই মানুষগুলোর প্রাণ নিয়ে খেলছে।’
গুরুতর দূষণে স্বাস্থ্যঝুঁকিতে নয়া দিল্লির তিন কোটির বেশি বাসিন্দা। প্রতি বছরই শীতের সময় বিশ্বের দূষিততম রাজধানী নগরীর তালিকায় নিয়ম করে নাম ওঠে নয়া দিল্লির।





