ছাঁটাইয়ের সিদ্ধান্তে চাকরি হারানোর শঙ্কায় ইবি কর্মচারীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস
শিক্ষা
0

১০ থেকে ২০ বছর ধরে চাকরি করেও অনিশ্চয়তায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পোষ্য ও থোক বরাদ্দের কর্মচারীরা। দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ পাওয়া দুই শতাধিক কর্মচারীরও একই অবস্থা। সম্প্রতি এসব কর্মচারীদেরকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইউজিসির নির্দেশনা ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। অন্যদিকে চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে থোক বরাদ্দের ৬২ কর্মচারী রিট করেছেন হাইকোর্টে।

ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল বিভাগের ২৬৮ কর্মচারী। তাদের মধ্যে ৫৬ জন থোক বরাদ্দের এবং প্রায় ২০০ এর অধিক দৈনিক মজুরির কর্মচারী। থোক বরাদ্দের অনেকেরই চাকরির বয়স ১০ থেকে ২০ বছর। এর বাইরে ৫ আগস্ট পরবর্তী সময়ে আরও প্রায় ২০০ কর্মচারীও দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছেন। হঠাৎ ছাঁটাইয়ের সিদ্ধান্তে যেন দিশেহারা এসব কর্মচারীরা। কাজ হারানোর আশঙ্কায় কাটছে তাদের সময়।

কর্মচারীদের মধ্যে একজন বলেন, ‘৩২ বছর থাকার পর শেষ বয়স এখন আমরা কোথায় যাইয়ে দাঁড়াবো? এটা আমাদের ভিসি স্যারকে অবগত করা হয়েছে যাতে আমাদের বিবেচনাভাবে দেখে।’

অন্য একজন বলেন, ‘এতদিন ধরে কীভাবে আসল বাজেটটা আর এখন কীভাবে বন্ধ হলো? সংখ্যাটার কারণেই বন্ধ হইছে নাকি অন্য কোনো কারণে? আমি যতটুকু মনে করি অন্য কোনো কারণে বন্ধ হতে পারে।’

আরও পড়ুন:

দীর্ঘদিন চাকরি করেও স্থায়ীকরণ, জ্যেষ্ঠতা ও সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৬২ জন। সে মামলাটি এখনো চলমান।

রিট করা কর্মচারীদের মধ্যে একজন বলেন, ‘আমরা ৬২ জন হাইকোর্টে রিট করছি। আমরা আমরা আইনের দ্বারস্থ হব। আইন যদি আমাদেরকে এখানে ব্যবস্থা কোনো করে দেয় তাহলে আমরা আসবো আর যদি না করে সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই।’

অন্য একজন বলেন, ‘আমার স্বপদে ফিরে ফিরে পেতে চাই এবং অবশ্যই আমি আমার যে অধিকার আমাকে বিশ্ববিদ্যালয় ডেকে নিয়ে আসছে সেই অধিকারের পরিপ্রেক্ষিতে আমি চাকরি চাই।’

কর্মচারীদের নিয়োগের বৈধতা ও প্রয়োজনীয়তা যাচায়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশেই ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। উপাচার্যের দাবি নিজস্ব তহবিল কিংবা সরকার বা ইউজিসির বরাদ্দ না থাকায় বেতন-ভাতা দেয়া সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একেএম মতিনুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে যে ডেট অফ সিন্ডিকেট থেকে এই ব্যয়ভার বহন করতে পারবে না। এই একটি সেন্টেন্সে বলা হচ্ছে। আর নতুন করে অন্য কোনো সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়নি।’

তিনি বলেন, ‘এখন আমাদের যদি কোনো অফিসে জনবলের প্রয়োজন হয় সেটি আমরা ডিমান্ড নোট নেবো, সংশ্লিষ্ট অফিস থেকে। নেয়ার পরে আমরা প্রপার পদ্ধতির মধ্য দিয়ে এটা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের কাছে আমরা প্রেরণ করবো। আশা করি তারা অনুমোদন দিলে পরবর্তীতে একটা প্রসিডিউরের মধ্য দিয়ে আমরা এই এই পদগুলো শূন্যতা পূরণ করবো আমরা। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যয়ভার বহন করতে পারবো না।’

দীর্ঘদিনের কর্মসংস্থান হারানোর শঙ্কায় ২৬৮ কর্মচারী। একদিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন একাংশ। অন্যদিকে অর্থসংকটের কথা জানাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সব মিলিয়ে চাকরি রক্ষায় আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় কর্মচারীরা।

এসএস