আজ (শনিবার, ১৪ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকার ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে থানায় মামলাটি করেন। এতে আবদুল হালিমকে একমাত্র এজাহারনামীয় আসামি এবং ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে বাড়ি নির্মাণ করেন ইদ্রিস আলী। গত বছরের ১৩ সেপ্টেম্বর আবদুল হালিম ও তার সহযোগীরা ওই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর ও প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়া নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমি দখল ও অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ করেছেন বাদী। গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় তাকে ও পরিবারের সদস্যদের জড়ানোর আশঙ্কায় থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুল হালিম বলেন, ‘মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। জমি কেনাবেচার বিরোধে কারও প্ররোচনায় এ মামলা করা হয়ে থাকতে পারে।’
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসীন চৌধুরী জানিয়েছেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





