গাজীপুরে ২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা, যান চলাচল স্বাভাবিক

গাজীপুর মহাসড়কে মোতায়েন করা হয়েছে বিজিবি
এখন জনপদে
0

শ্রমিক অসন্তোষের প্রভাবে গাজীপুরের বিভিন্ন এলাকায় ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে শনিবার (১৪ নভেম্বর) রাতে শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী ১৩টি বন্ধ এবং আজ (রোববার, ১৫ নভেম্বর) সকালে উদ্ভুত পরিস্থিতিতে ১৬টি কারখানা ছুটি দেয়া হয়। এদিকে সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একদল শ্রমিক। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল থেকে শিল্পাঞ্চল গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। অধিকাংশ কারখানায় স্বাভাবিক কর্মপরিবেশ বজায় থাকলেও মৌচাক এলাকায় শ্রমিকদের একাংশের বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টায় মৌচাক এলাকায় শ্রমিকদের একটি অংশ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়ক থেকে শ্রমিকরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে এসব কারখানার শ্রমিকরা নিজ নিজ বাসায় ফিরে যান।

শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাঁজোয়া যান নিয়ে টহল দিতে দেখা যায় বিজিবি সদস্যদের। শিল্পাঞ্চলের নিরাপত্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া শিল্পপুলিশ, এসআরবি, জেলা ও মহানগর পুলিশের বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী গাজীপুরের ১৩টি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও রোববার সকালে উদ্ভুত পরিস্থিতিতে ১৬টি কারখানা ছুটি দেয়া হয়, যা আগামীকাল পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খুলবে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সকালের দিকে মৌচাকে শ্রমিক অসন্তোষ দেখা দিলেও আধাঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

এছাড়া শ্রমিকদের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

এসএইচ