যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরানের হাতে এখনো আড়াই হাজার ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

তেহরানের আজাদি স্কয়ারে প্রদর্শিত ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
বিদেশে এখন
0

মাসের পর মাস ধরে অস্ত্র অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সত্ত্বেও ইরানের কাছে এখনো আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

গোয়েন্দা সংস্থার এই তথ্য তেহরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস করে দেয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, এই মূল্যায়নে ইঙ্গিত মিলেছে যে ইরানের কাছে এখনো উল্লেখযোগ্য পরিমাণে ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। নতুন করে লড়াই শুরু হলে তা দিয়ে মার্কিন ও মিত্রদের লক্ষ্যবস্তুতে হুমকি তৈরি করতে সক্ষম তেহরান।

কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবং কতগুলো গুদামে সংরক্ষিত রয়েছে তা নির্ধারণ করা কঠিন হওয়ায় এই মূল্যায়নের নিশ্চয়তার মাত্রা তুলনামূলক কম। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় গড়ে তোলার কাজ অব্যাহত থাকলেও যুদ্ধের আগের তুলনায় এর গতি ধীর। এছাড়া তেহরানের কাছে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে, যা অঞ্চলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়িয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, আঞ্চলিক মূল্যায়নে ভিন্নতা থাকলেও ইসরাইলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের কাছে ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিমন লেডিন বলেন, সর্বনিম্ন হিসাবটি ধরলেও বোঝা যায় যে ইরান তাদের যুদ্ধপূর্ব ক্ষেপণাস্ত্রের মজুতের অর্ধেকের বেশি পুনরুদ্ধার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতাগুলো সামনে নিয়ে এসেছে। ওয়াশিংটন এখন পর্যন্ত আরেকটি বড় সামরিক অভিযান শুরুর বদলে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখার পথ বেছে নিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্ররা নতুন করে যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছে। অন্যদিকে ইসরাইল আরও সামরিক পদক্ষেপের জন্য চাপ দিয়ে যাচ্ছে।

এএম