জাতীয় ঐক্যের ডাক নেতানিয়াহুর; আইজেনকটের ভাষ্য ‘এ কৌশল আমার সঙ্গে খাটবে না’

গ্রুপ ছবিতে বেনিয়ামিন নেতানিয়াহু ও আইনপ্রণেতা গাদি আইজেনকোট।
বিদেশে এখন
0

ইসরাইলে একটি জাতীয় ঐক্যের সরকার গড়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তবে এই আহ্বান নাকচ করে দিয়েছেন জোট সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট। তিনি নেতানিয়াহুর এমন আহ্বানকে ‘ছলচাতুরি’ বলে মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাদি আইজেনকট ইসরাইলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা। নেতানিয়াহুর বিরোধী হিসেবে পরিচিত তিনি। এবারের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আইজেনকটকে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

এক ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, গত বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।

নির্বাচন-পরবর্তী সময়ে ইসরাইলের তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। লিকুদ পার্টির এই নেতা বলেন, জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে তা ‘ইরানের হুমকিকে চিরতরে নির্মূল’ করতে পারবে। তার দাবি, তা না হলে ইরান ইসরাইলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।

আরও পড়ুন:

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘এটা সর্বশেষ ছলচাতুরি। সরকার গঠন নিয়ে আলোচনার সময় আগেই নির্ধারিত হয়েছে। এখন নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছেন। তিনি ঐক্যের কথা বলছেন। অথচ তিনি নেসেটে (ইসরাইলের পার্লামেন্ট) আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কলঙ্কিত করছেন।’

আইজেনকট আরও বলেন, ‘এই কৌশল আমার সঙ্গে খাটবে না।’

ইসরাইলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চান আইজেনকট। মতাদর্শিক বিরোধ থাকলেও এ ক্ষেত্রে তাকে সমর্থনের কথা জানিয়েছে এবারের নির্বাচনে চমকজাগানো ফলাফল করা আরব নেতৃত্বাধীন দলগুলো। তবে আইজেনকট এর আগে বলেছিলেন, সরকার গঠনের জন্য তিনি আরব দলগুলোর সঙ্গে জোট করবেন না।

গত ২৭ অক্টোবর নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসনে জয় পেতে হয়। নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন পায়। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে।

এরপর জোট সরকার গড়তে তৎপরতা চালায় দুই পক্ষই। নিয়ম অনুযায়ী, ৮ নভেম্বর নতুন জোট সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট হারজগ। প্রয়োজন হলে সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হবে।

এসএইচ