পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিক অসন্তোষের প্রভাবে বেশ কয়েকটি কারখানাও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল ৮টার পর থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা জড়ো হতে শুরু করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বেশিক্ষণ সড়কে অবস্থান করতে পারেননি তারা।
আরও পড়ুন:
সকাল ৯টার দিকে ভোগরা বাইপাস ফ্লাইওভারের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে নাওজোর, বিআরটিসি গেট ও জয়দেবপুর সড়কসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শ্রমিকদের জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করতে দেখা গেছে। এসব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শ্রমিক বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে কয়েকটি পোশাক কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।





