সোনালী ধানের শীষে এখন হাসছে সিরাজগঞ্জের মাঠ। চারদিকে ছড়িয়ে পড়েছে নতুন ধানের ঘ্রাণ। ব্যস্ততা বেড়েছে কৃষকের ঘরে ঘরে। আমন ধান কাটা-মাড়াইয়ের উৎসবে মুখরিত এখন পুরো জনপদ।
চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে আমনের আবাদ হয়েছে। স্থানীয় জাতের তুলনায় উফশী ও কাটারি জাতের ধানের আবাদ হয়েছে বেশী। বিঘাপ্রতি খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা এবং ফলন পাওয়া যাচ্ছে ১৭ থেকে ১৮ মণ পর্যন্ত। কৃষকরা জানান, ফলন ভালো হয়েছে। তাছাড়া ধানের দামও ভালো।
ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট এড়াতে কম্বাইন হারভেস্টার মেশিনের ব্যবহার বাড়ছে। এতে সময় ও খরচ দুটোই কমছে। এছাড়া বাজারে ধানের ভালো দাম থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। আগাম ধান কেটে একই জমিতে অনায়াসেই সরিষা আবাদ করতে পারছেন তারা।
একজন কৃষক বলেন, ‘কম্বাইন হারভেস্টার আসার পরে এক বিঘা জমিতে ধান কাটতে লাগে ২০ মিনিট। তার খরচটা অনেকটাই কম।’
রায়গঞ্জ পাঙ্গাসী উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘রোগ উদ্ভাবিযুক্ত কিছু লেটেস্ট জাত আছে, ১০৩ এখন এই মৌসুমে মানে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। কারণ ১০৩ আধুনিক জাত ফলনও কাটারী চাইতে বেশি। প্লাস ওই ধানটাও চিকন। আর ওই ধানের মূল ফোকাস হলো রোগব্যাধি কম হয়। স্বল্প সময়ে কর্তন করা যায়, পাশাপাশি ওই ধান কেটে আপনার সরিষা চাষ করতে পারে কৃষক। এতে কৃষক লাভবান হয়।’
এই মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ শতাংশ বেশি জমিতে আমন চাষাবাদ হয়েছে। ধানের পাশাপাশি একই জমিতে অতিরিক্ত ফসল হিসেবে রবি শস্য চাষ জেলার সামগ্রিক কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুদে মাওলা বলেন, ‘সিরাজগঞ্জ যেহেতু একটি সরিষার জন্য বিখ্যাত একটি জেলা। আমাদেরকে সরিষা চাষকে লক্ষ্য রেখে রোপা আমনের জাত নির্বাচন করতে হয়। কৃষি বিভাগ থেকে নতুন নতুন জাত প্রযুক্তি নিয়ে আমরা সবসময় উদ্বুদ্ধ করে থাকি।
‘আমাদের বিভিন্ন প্রণোদনা, পুনর্বাসন, প্রদর্শনী এসবের মাধ্যমেই আমরা কৃষক ভাইদের উদ্বুদ্ধ করি। আমরা আশা করি এই আগাম জাতের রোপা আমন জাতকে দিয়ে যদি আমরা সম্পূর্ণটাই অগ্রসর হতে পারি, তাহলে কৃষক ভাইদের উৎপাদন খরচ কমে যাবে এবং পরবর্তী ফসল আমরা সময়মতো ধরতে পারব।’
চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার ১৫ হেক্টর। আর এ মৌসুমে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ ৬৫ হাজার মেট্রিকটন নির্ধারণ করেছে কৃষি বিভাগ।





