নিম্নতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও (বুধবার, ১৮ নভেম্বর) বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।
একপর্যায়ে পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। গতকাল মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় একই দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন এই সড়কে চলাচলকারী যাত্রীরা।





