১৯৭৬ সালের ১৭ নভেম্বর মারা যান মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার মৃত্যুর পর কেটে গেছে প্রায় ৫ দশক। সময়ের পরিক্রমায় রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনে তার অবদান কতটা যথাযথভাবে মূল্যায়িত হয়েছে, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
ইতিহাসের পাতায় জায়গা পেলেও রাষ্ট্রের নীতি, রাজনৈতিক চর্চা এবং নতুন প্রজন্মের চিন্তায় কতটা ধারণ করা হয়েছে তার আদর্শ?
ভাসানী অনুসারীরা বলছেন, কৃষক ও শ্রমিকের অধিকার, ভূমিহীন মানুষের বেঁচে থাকার সংগ্রাম এবং সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান— এসব প্রশ্নে কখনো আপস করেননি ভাসানী। ভাসানীর নামে প্রতিষ্ঠান, গবেষণা ও ইতিহাসচর্চার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তার জীবন ও সংগ্রাম তুলে ধরতে পারলে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে মনে করেন তারা।
ভাসানী পরিবারের সদস্যরা বলছেন, বিগত দিনে কোন সরকার ভাসানীকে যথাযথ মূল্যায়ণ করেননি। ভাসানীর স্বপ্ন বাস্তবায়নসহ যথাযথ মূল্যায়নের দাবি জানান তার নাতি।
আরও পড়ুন:
ভাসানী পরিষদদের সদস্যসচিব আজাদ খান ভাসানী বলেন, ‘মওলানা ভাসানীকে যদি মূল্যায়ন করা হতো, তার দর্শন-রাজনীতি যদি আমাদের তরুণ প্রজন্ম ও রাজনীতিবিদরা ধারণ করতেন, তাহলে মনে হয় আমাদের এরকম রক্তক্ষয়ী সংগ্রামের মুখোমুখি বারবার হতে হতো না। বাংলাদেশ একটি সুখী-সমৃদ্ধশালী এবং শান্তিময় দেশ হতো।’
এদিকে ওফাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির পাশাপাশি তার স্মৃতি রক্ষার্থে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়ার পাশাপাশি তার প্রতিটি স্বপ্ন পূরণের আশ্বাস দিলেন ভাইস চ্যান্সেলর।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত এখানে যতগুলো প্রতিষ্ঠান আছে, ওনার যা যা স্বপ্ন ছিলো, একটি স্বপ্নও যাতে বৃথা না যায়, আমি সেই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সমস্ত পরিকল্পনা করছি এবং ভবিষ্যতে ধাপে ধাপে ওনার প্রত্যেকটা প্রতিষ্ঠান সচল করা হবে। সেই লক্ষ্যে আমি সবাইকে নিয়ে কাজ করবো।’
ইতিহাসের এক অবিস্মরণীয় নাম মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম—প্রতিটি অধ্যায়েই ছিলো তার সাহসী নেতৃত্ব।





