গাজীপুরে শিল্পাঞ্চলে মাঠে নামছে আরও ৮ প্লাটুন আনসার সদস্য

আনসার সদস্য
এখন জনপদে
0

গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে নতুন করে আরও ৮ প্লাটুন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে।

শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, সড়ক-মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর আগে গত ৪ নভেম্বর থেকে মোতায়েনকৃত ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য সাহসিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে চলেছেন।

চলমান পরিস্থিতি মুল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণের অংশ হিসেবে নতুনভাবে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে। এর ফলে গাজীপুরে সর্বমোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও সুশৃঙ্খল এসব সদস্য যেকোনো ধরনের সংঘবদ্ধ সহিংসতা, মব-দাঙ্গা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় প্রস্তুত থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের ধারাবাহিকতায় এর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

এফএস