ভারত ও চীনের পাশাপাশি সিঙ্গাপুরের নির্মাণ খাতের প্রধান চালিকাশক্তি বাংলাদেশি কর্মী। দেশটিতে প্রায় দেড় লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তবে নতুনদের ক্ষেত্রে সিঙ্গাপুরের ভবন ও নির্মাণ কর্তৃপক্ষের অনুমোদন, প্রশিক্ষণ ও দক্ষতা পরীক্ষায় পাস করার বাধ্যবাধকতা থাকায় কর্মীরা ছুটছেন বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে।
নির্মাণ ও শিল্পখাতে কর্মীদের প্রশিক্ষিত করতে ২০২৫ সালে পাঁচটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় সিঙ্গাপুর। তাদের অধীনে কাজ করছে বাংলাদেশের ৫টি প্রতিষ্ঠান। নিরাপত্তা ও নির্মাণকাজের প্রশিক্ষণ শেষে কর্মীদের দেয়া হয় অভিজ্ঞতার সনদ।
অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে কর্মী পাঠায় মোট ৯টি রিক্রুটিং এজেন্সি। এরমধ্যে নাবিহা ওভারসিজ ২০২৫ সালের ডিসেম্বরে অনুমোদন পায়। অন্যদিকে চলতি বছরের জুলাইয়ে ইউনিক ইস্টার্নের লাইসেন্স বাতিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে অনুমোদিত প্রতিষ্ঠানের বাইরেও অসংখ্য নামসর্বস্ব প্রতিষ্ঠান গড়ে তুলেছে বিশাল প্রশিক্ষণ বাণিজ্য।
সিঙ্গাপুরে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন গ্রাম-গঞ্জ থেকে হাজারো তরুণ ছুটছে আশুলিয়া, সাভার ও গাজীপুরে। অভিযোগ আছে, বিদেশগামীদের টার্গেট করে গড়ে উঠেছে অসংখ্য প্রশিক্ষণ কেন্দ্র।
আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার মোল্লা মার্কেটে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল স্কিল ট্রেনিং সেন্টারে রয়েছে সারিবদ্ধ কয়েকটি ছোট ছোট খাট। আছে কিছু নিম্নমানের প্রশিক্ষণ সামগ্রী।
প্রশিক্ষণ ও কর্মী পাঠানোর খরচ সম্পর্কে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রশিক্ষক আশিকুর রহমান।
কয়েকশো গজের মধ্যেই সন্ধান পাওয়া গেল শাহপরান নামের আরেকটি প্রশিক্ষণ কেন্দ্রের। সাংবাদিক পরিচয় জেনে সাথে সাথেই বন্ধ করে দেয়া হয় মূল গেট। পরে কেন্দ্রের ভেতর ঢুকে দেখা যায় বেশ কিছু তরুণ বিভিন্ন প্রশিক্ষণে নিয়োজিত, যাদের প্রত্যেকেরই গন্তব্য সিঙ্গাপুর।
অথচ সিঙ্গাপুর সরকারের অনুমোদনই নেই এসব প্রশিক্ষণ কেন্দ্রের। তবুও মাসের পর মাস প্রশিক্ষণ নিচ্ছেন অনেকে। এদেরই একজন নওগাঁর মাসুদ রানা। সিঙ্গাপুরে যাবার জন্য ৪ মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন কেন্দ্রে। দিনাজপুরের দীপ্ত রায় এসেছেন দুই মাস হলো। আর যেতে খরচ হবে প্রায় ১৪ লাখ টাকা।
আরও পড়ুন:
মাসুদ রানা বলেন, এখানে ট্রেনিং নিতে আমি এসেছি। মোট ১৪ লাখ টাকার মতো খরচ হবে।
প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, ৩৫ হাজার টাকায় ভর্তি হন একজন শিক্ষার্থী। পুরো ট্রেনিং শেষ করতে লাগে প্রায় ৬০ হাজার টাকা।
শাহপরান ড্রিম টাচ ওভারসিজের ব্যবস্থাপনা অংশীদার খালেদ হোসেন বলেন, ‘পুরো ট্রেনিং শেষ করতে লাগে প্রায় ৬০ হাজার টাকা। আমাদের ১০ হাজার ইনকাম করতে হবে। আমার যদি ৫০ হাজার খরচ হয় আমি ৬০ হাজার নেবো।’
শাহপরান থেকে বেরিয়ে স্বল্প দূরত্বে পাওয়া গেল আরেকটি প্রশিক্ষণ কেন্দ্রে। এটি শাহজালাল সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। ভেতরে যত্রতত্র পড়ে আছে প্রশিক্ষণ সামগ্রী। অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করলেন এখানকার প্রশিক্ষক মুক্তি মিয়া।
প্রশিক্ষক মুক্তি মিয়া বলেন, আমারে কাছে এমন কোনো কাগজ নেই। আমি শুধু ট্রেনিং করাই।
মূলত এধরণের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর ফাঁদে পড়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন শতশত যুবক। অন্যদিকে দক্ষতা অর্জন ও সিঙ্গাপুর যাবার নিশ্চয়তা পেতে গুণতে হচ্ছে মোটা অংকের টাকা। পাঁচ বছরের ব্যবধানে দেশটির অভিবাসন ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় চার গুণ বা ৩০০ শতাংশ। ৪ লাখ টাকা থেকে এই ব্যয় এখন দাঁড়িয়েছে ১৬ লাখ টাকায়।
এবার গন্তব্য জিরাবো এলাকার ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টারে। সেখানেও বাধা আসে ঢুকতে গেলে।
গুলশানে সাউথ পয়েন্টের প্রধান কার্যালয়ে গেলে দেখা যায় কয়েকজন প্রতারিত যুবক আগে থেকেই হট্টগোল করছেন সেখানে। তাদের দাবি, প্রতিষ্ঠানটির লিয়াজোঁ কর্মকর্তা সুমন খানের প্রতারণার শিকার তারা। সাড়ে ২৫ লাখ টাকা দিয়েও এই দুই যুবক সিঙ্গাপুর যেতে পারেননি। তবে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ২ থেকে ৪ লাখ টাকা নেয়ার কথা স্বীকার করেন আরেক কর্মকর্তা শাহনাজ শিলা ।
আরও পড়ুন:
এ বিষয়ে আরও তথ্য জানতে পরের গন্তব্য গুলশানের আরেক প্রতিষ্ঠান পেঙ্গুইন ইন্টারন্যাশনালের কার্যালয়ে। প্রতিষ্ঠানটির লিয়াজোঁ কর্মকর্তা জানান, কর্মী পাঠানোর সবকিছু দেখে ট্রেনিং সেন্টার। তবে সেখানে কারও প্রবেশের অনুমতি নেই।
লিয়াজোঁ কর্মকর্তা বলেন, ‘এই জিনিস আমি বাইরে বলতে পারব না। কারণ ওই প্রসিডিউরটা সম্পূর্ণ ট্রেনিং সেন্টারে। বাইরে সাংবাদিকদের হোক, লয়ার হোক আর যেই হোক না কেন প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিতেই হবে।’
কেবল প্রশিক্ষণ বাণিজ্যই নয়, অভিযোগ আছে এসব প্রতিষ্ঠান দক্ষ কর্মী তৈরির আড়ালে অদক্ষ কর্মীও পাঠায়। বিএমইটির তথ্য বলছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৯৪ হাজারের বেশি আধাদক্ষ কর্মী পাঠানো হয়েছে সিঙ্গাপুরে।
প্রশিক্ষণ কেন্দ্রের এমন অনিয়ম-দুর্নীতি বন্ধে অদক্ষ কর্মী পাঠানোর সঙ্গে জড়িতদের নিয়ন্ত্রণ করা পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। এছাড়া প্রশিক্ষণ বাণিজ্য নিয়ন্ত্রণে সরকারের ১১০টি প্রশিক্ষণ কেন্দ্রকে সম্পৃক্ত করে ব্যয় যৌক্তিক হারে নামিয়ে আনার তাগিদ দেন এই কূটনীতিক।
অতিরিক্ত সচিব (অব.) কাজী আবুল কালাম বলেন, ‘সিঙ্গাপুরের যে কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, তার সঙ্গে আলোচনা করে আমার মনে হয় টিটিসিতেও এই প্রশিক্ষণগুলো দিতে পারে এবং অবশ্যই ব্যয়টা যৌক্তিক হারে আনতে হবে।’
অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান বলেন, ‘আমি মনে করি যে অদক্ষ কর্মী সিঙ্গাপুরে চলে যাওয়া, তারপরে কাজে নেমে ফেরত আসা, যদিও সংখ্যায় কম সিঙ্গাপুর এবং বাংলাদেশ সরকারের দেখা উচিত। এই কর্মীদের কে যাচ্ছে, কারা যাচ্ছে, কোন প্রক্রিয়ায় যাচ্ছে, তাদের খরচ খরচ কত হচ্ছে এবং আমি মনে করি যেহেতু সংখ্যা এখনো কম, এই সংকটটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব।’
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, সিঙ্গাপুরের অভিবাসন ব্যয় তিন লাখে সীমাবদ্ধ রাখা সম্ভব। কম খরচে কর্মী পাঠাতে সরকার জি টু জি চুক্তি নিয়ে কাজ করছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মো. নুরুল হক বলেন, ‘প্রকৃত অর্থে সিঙ্গাপুরে যেতে ৩ লাখ টাকার বেশি যাওয়ার কথা না। এর চেয়েও কমও যেতে পারে দুই থেকে তিন লাখ টাকা। আর আমরা চেষ্টা করছি যে জি টু জি এগ্রিমেন্টটাকে যতটুকু সম্প্রসারণ করা যায়। যে বিভিন্ন দেশের সঙ্গে গভর্মেন্ট টু গভর্মেন্ট চুক্তি করলে আমরা দূতাবাসের মাধ্যমে পাঠাতে পারব।’





