বছরের শেষ ম্যাচে আর্জেন্টিনার ‘সেভেন-আপ’ উৎসব

আর্জেন্টিনা ফুটবল দল
এখন মাঠে
1

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ জয় দিয়ে শেষ করলো আর্জেন্টিনা। ঘরের মাঠে উত্তর আমেরিকার দেশ কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসি পরবর্তী যুগে এটি আর্জেন্টিনার প্রথম জয়।

ফিফা র‍্যাঙ্কিংয়ে কোস্টারিকার অবস্থান ৫৪। মহাদেশীয় বলয়ে খুব ছোট নামও না। তবে, বছরের শেষ প্রীতি ম্যাচে আর্জেন্টিনা যেন খেললো পাড়ার কোনো দলের বিপক্ষে। পুরো ম্যাচের চিত্র অন্তত সেই কথাই বলে।

৮ মিনিটে শুরু, ৮৯ মিনিটে শেষ। মাঝে গোল হলো আরও ৫টি। ৭৬ শতাংশ বল পজেশন আর ৮৬৭ পাস খেললো লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। কর্দোবার মাঠে প্রতিপক্ষকে যেন খেলতেই দিতে চাননি আর্জেন্টাইন ফুটবলাররা। উরুগুয়ের বিপক্ষে হারের পর ৭-০ গোলের এই জয় মেসিবিহীন আর্জেন্টিনা যুগের জন্য স্বস্তিও বটে।

৮ম মিনিটে গোলবন্যার শুরু করেন নিকো পাজ। মেসির উত্তরসূরি হিসেবে কেন তাকে বিবেচনা করা হচ্ছে, সেটা আবারও প্রমাণ করলেন কোমোর এই ফুটবলার। এনজো ফার্নান্দেজের পাস থেকে তার ওই গোলের পর কিছুটা সময় ছিলো গোলের বিরতি। ৩৫ মিনিটের পর ৩ গোল আর্জেন্টিনা আদায় করে নেয় ৮ মিনিটের ব্যবধানে। হুলিয়ান আলভারেজ আর নিকো পাজ দুজনেই প্রথমার্ধ শেষ করেন জোড়া গোলে।

দ্বিতীয়ার্ধের শুরু আর শেষ দুটোই তরুণ প্রজন্মের তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর। ফিওরেন্তিনায় খেলা এই উইঙ্গার ৪৮ মিনিটে ব্যবধান করেন ৫-০। ম্যাচের ৭৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর ৮৯ মিনিটে ৭ গোলের চক্রপূরণ করেন সেই মাস্তানতুয়ানো।

এদিন অবশ্য রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার গোলবারে থাকা এমিলিয়ানো মার্তিনেজ। আলবিসেলেস্তেদের হয়ে এখন ইতিহাসের সবচেয়ে বেশি ক্লিনশিটের রেকর্ড তার। আর্জেন্টিনার নতুন যুগের প্রথম জয় সবদিক থেকেই লিওনেল স্ক্যালোনিকে দিচ্ছে স্বস্তি।

জেআর