ঘিওরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা চেষ্টা

মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওর থানা
এখন জনপদে
0

মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী উর্মি আক্তারকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। গুরুতর আহত অবস্থায় সজীব হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল (শনিবার, ২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে একপর্যায়ে সজীব তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের সামনেই নিজের গলায় আঘাত করেন সজীব। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, উর্মির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সজীব চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এএইচ