রিয়ালের নাটকীয় জয়; চেলসিকে উড়িয়ে লিডসের চমক

রিয়ালের নাটকীয় জয়
ফুটবল
এখন মাঠে
0

সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। চেলসিকে উড়িয়ে দিয়েছে লিডস ইউনাইটেড। অন্যদিকে বুন্দেসলিগায় বায়ার্নের হোঁচট আর সিরি আ-তে রোমার গোল উৎসব। সব মিলিয়ে ইউরোপের শীর্ষ লিগগুলোতে জমজমাট এক ফুটবলীয় রাত।

সেল্টা ভিগোর বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ষষ্ঠ মিনিটে পাবলো দুরানের গোলে এগিয়ে যায় অতিথিরা। ৩৯ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তার শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। বিরতির পর ভিনিসিয়ুস জুনিয়র মাঠে নামতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৬৬ মিনিটে এমবাপের পাস থেকে সমতা ফেরান জুড বেলিংহাম। আর শেষ বাঁশির পাঁচ মিনিট আগে ভিনিসিয়াসের ক্রস থেকে ফিরতি বলে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন বদলি কার্লোস এসপি। ২-১ গোলের এই জয়ে বার্সেলোনার সমান পয়েন্টে রিয়াল।

প্রিমিয়ার লিগেও ছিল বড় দলের পয়েন্ট হারানোর দিন। ইতিহাদে ফুলহামের বিপক্ষে ১৬ মিনিটে রদ্রিগো মুনিজের গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। ৫৭ মিনিটে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান এলিয়ট অ্যান্ডারসন। শেষ পর্যন্ত ১-১ ড্রয়ে টানা তিন হারের বৃত্ত ভাঙলেও জয় পায়নি সিটি। অন্যদিকে নিউক্যাসলের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে আসে আর্সেনাল। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে দুই দল। তবে দিনের সবচেয়ে বড় চমক স্টামফোর্ড ব্রিজে। চেলসিকে তাদেরই মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিডস ইউনাইটেড।

ইতালিয়ান সিরি আ-তে পার্মার মাঠে গোল উৎসব করেছে রোমা। স্বাগতিকদের জালে পাঁচবার বল পাঠিয়ে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে তুরিনোকে ১-০ গোলে হারিয়েছে নাপোলি। নিজেদের মাঠে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়েছে সেস ফাব্রেগাসের কোমো। এই জয়ে সিরি আ-র চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। ১২ ম্যাচে ১০ জয়ে ৩২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে ল্যাজিও আর ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রোমা।

এফএস