গত ২৯ অক্টোবর সরকার ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬’ গেজেট আকারে প্রকাশ করলে তা দেশের সব সিটি কর্পোরেশনে কার্যকর হয়।
এরই ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর পর গাজীপুরেও নিবন্ধন প্রক্রিয়া ও যানবাহনের সংখ্যা নির্ধারণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। গেজেটের নির্দেশনা অনুসারে, দুই আসনবিশিষ্ট ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, চার আসনের ই-রিকশার ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা দিতে হবে। এ খাত থেকে অর্জিত অর্থ সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব আয় হিসেবে যুক্ত হবে।
নিবন্ধিত প্রতিটি রিকশাকে চার্জিং গ্যারেজ ও চালকের বিস্তারিত তথ্যসংবলিত স্বতন্ত্র কিউআর কোডযুক্ত নম্বর প্লেট বিনা মূল্যে সরবরাহ করবে কর্তৃপক্ষ। নিবন্ধন ব্যতীত কোনো ই-রিকশা সড়কে নামতে পারবে না।
নতুন বিধিমালায় নিবন্ধন পেতে হলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত কারিগরি মানদণ্ড ও নিরাপত্তা শর্ত পূরণ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সনদ সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।
প্রক্রিয়াটি সম্পর্কে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানাউল কাদের বাসসকে জানান, নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে তাদের দাপ্তরিক সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আবেদনকারীরা বুয়েটের কারিগরি ফিটনেস এবং ট্রাফিক বিভাগের ছাড়পত্র জমা দিলে ৩০ দিনের মধ্যেই তাদের লাইসেন্স প্রদান করা হবে।
নগরীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ্ তানজিলা খানম বলেন, ‘জোনভিত্তিক আলাদা রঙের রিকশা পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। কোন জোনে কতটি ই-রিকশা চলবে, সেই সংখ্যা চূড়ান্ত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই পরবর্তী পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।’
সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বাসসকে জানান, ই-রিকশা নিয়ন্ত্রণে আটটি জোনের জন্য পৃথক রং চূড়ান্ত করা হয়েছে এবং কার্যক্রম শুরুর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য বড় সিটি কর্পোরেশনের মতো গাজীপুরেও দ্রুত এ ব্যবস্থা চালু করা হবে।
এদিকে, সরকারি বিধিমালা মেনে নিবন্ধন ও অনুমোদন নিয়েই যানবাহন চালাতে আগ্রহী স্থানীয় রিকশাচালকরা। তাদের মতে, জোন ও রঙের ভিন্নতা চালু হলে এক এলাকার রিকশা অন্য এলাকায় প্রবেশ করতে পারবে না, ফলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং অনিয়ন্ত্রিত রিকশার আধিক্য কমে আসবে।—বাসস





