উগ্র অর্থোডক্স দলগুলো কিংবা আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সঙ্গে জোট করা হবে, নাকি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে—তা নিয়ে আইজেনকোটের নিজের শিবিরেই বিভক্তি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে তার এই বক্তব্যকে নিজ জোটের প্রতি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। চলমান আলোচনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আইজেনকোট লিখেছেন, ‘আমি এই প্রক্রিয়া ঝুলিয়ে রাখার কোনো ইচ্ছা রাখি না। সময়মতো আমি নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) অনুমোদনের জন্য একটি নতুন সরকার উপস্থাপন করব; একটি ভালো সরকার, যার নেতৃত্ব দেব আমি।’
গত অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনের জন্য আগামী মাস পর্যন্ত সময় পাচ্ছেন ইয়াশার পার্টির নেতা আইজেনকোট। জোর করে জোট চাপিয়ে দেয়ার চেষ্টা অস্বীকার করলেও দ্রুত পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। আইজেনকোট বলেন, ‘আমরা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছি। বিদায়ী প্রধানমন্ত্রী এমন আচরণ করছেন, যা আমরা আগে কখনো দেখিনি। সামরিক অগ্রাধিকারগুলো রাজনৈতিক স্বার্থের সঙ্গে এবং সামরিক অভিযানের সময়সূচি রাজনৈতিক পঞ্জিকার সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে।’ ইসরাইলের বিরোধী দলের সদস্যদের সন্দেহ, জোট গঠনের আলোচনা ভেস্তে দিতে এবং ক্ষমতায় টিকে থাকতে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারেন নেতানিয়াহু।
ব্যাপকভিত্তিক সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে পার্লামেন্টে ভোটাভুটির জন্য একটি সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব দিতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন আইজেনকোট। তিনি বলেন, ‘নেসেটের প্রতিটি সদস্যকে নিজেদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যে তারা নতুন সরকারকে দায়িত্ব নেয়ার সুযোগ দেবেন, নাকি নেতানিয়াহুকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী রেখেই ইসরাইল ও এর নাগরিকদের আরেকটি নির্বাচনের দিকে ঠেলে দেবেন।’ প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার প্রায় দুই সপ্তাহ পর এই বক্তব্যের মধ্য দিয়ে আইজেনকোটের ক্রমবর্ধমান অধৈর্যের স্পষ্ট ইঙ্গিত মিলল।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসন প্রয়োজন হলেও আইজেনকোটের জোটের রয়েছে ৪৮টি আসন। কীভাবে সামনে এগোনো হবে, তা নিয়ে জোটের সদস্যরাও বিভক্ত। আরব সংখ্যাগরিষ্ঠ দল র্যাম এবং জয়েন্ট লিস্টের ১৯ জন আইনপ্রণেতার বাইরের সমর্থন নিয়ে একটি সংখ্যালঘু সরকার গঠনে আইজেনকোট প্রস্তুত বলে মনে হচ্ছে। কিন্তু তার জোটের শরিক জাতীয়তাবাদী নেতা আভিগদোর লিবারম্যান বরাবরই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন। এর বদলে তিনি উগ্র অর্থোডক্স দল শাস এবং ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) সঙ্গে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছেন। এ নিয়ে জটিল দর-কষাকষি চলছে। অন্যদিকে নেতানিয়াহু একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন এবং আইজেনকোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ শরিক সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও এই বিকল্পের পক্ষে রয়েছেন বলে মনে হচ্ছে।





