ইরানি কর্মকর্তাদের দাবি, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরুসহ আগের দফার লড়াইগুলোর পর তারা নিজেদের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করেছে। তবে মার্কিন নৌ অবরোধের কারণে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় তীব্র অর্থনৈতিক চাপের মুখেও রয়েছে তেহরান। ইরানের নতুন এই ডুয়েল-মিসাইল লঞ্চার ও ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র শহর’ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
নতুন এই লঞ্চার কী?
গত তিন দশকে ইরান বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। শনিবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি ভূগর্ভস্থ স্থাপনাটি পরিদর্শনের সময় নতুন ডুয়েল-মিসাইল লঞ্চারটি প্রকাশ্যে আনা হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বা মহাকাশ বাহিনী তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রদর্শনী করেছে। নতুন লঞ্চারটি একই সময়ে তরল জ্বালানিচালিত দুটি ক্ষেপণাস্ত্র বহন ও উৎক্ষেপণ করতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো খাড়াভাবে বা উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয় এবং এগুলোর গতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা রয়েছে, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সহায়তা করে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, ইরানের সর্বশেষ প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ও নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা বেড়েছে এবং এগুলো মার্কিন গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ওপর নির্ভর না করেই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে।
ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র শহর’ সম্পর্কে যা জানা গেছে
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, গত ১০ নভেম্বর আইআরজিসির মহাকাশ বাহিনী নতুন একটি ভূগর্ভস্থ স্থাপনার ঘোষণা দেয়ার পরই আহমদ ওয়াহিদি সেটি পরিদর্শনে যান। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন ও মজুত কার্যক্রম অব্যাহত রাখতে মাটির নিচে সামরিক কমপ্লেক্স নির্মাণ করছে ইরান। আইআরজিসি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎপাদন নির্বিঘ্ন রাখতে তারা মাটির ওপর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলো ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে।
শনিবার আইআরআইবিতে প্রচারিত ফুটেজে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ এবং ডাবল লঞ্চারসহ শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার দেখা গেছে। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি রেসুল সেরদার জানান, ভূগর্ভস্থ ঘাঁটির এই ভিডিও কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। তিনি বলেন, ‘আইআরজিসি বাইরের বিশ্বকে এই বার্তা দিতে চাইছে যে তাদের গোলাবারুদের কোনো ঘাটতি নেই; তাদের কাছে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার রয়েছে। আবার যুদ্ধ শুরু হলে তারা এসব সক্ষমতা কাজে লাগাবে। এটি তাদের প্রচারণার অংশ হলেও এর মাধ্যমে ইরান নিজেদের শক্তি প্রদর্শন করছে এবং প্রতিরোধ সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির পাবলিক পলিসি ফেলো এবং ওয়াশিংটন ডিসির আরব সেন্টারের জ্যেষ্ঠ ফেলো রামি খৌরি আল জাজিরাকে বলেন, মাটির নিচের এসব ঘাঁটিতে তৈরি করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাখার পাশাপাশি সেগুলো তৈরির যন্ত্রাংশ, কাঁচামাল ও রাসায়নিক নিরাপদে মজুত করে রাখতে পারে ইরান। কয়েক দশক ধরেই ইরান এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে ইরান বিপুল পরিমাণে এসব সরঞ্জাম মজুত করে রেখেছে। তারা দেখিয়ে দিয়েছে যে নিষেধাজ্ঞা মোকাবিলা করে লড়াই চালিয়ে যেতে তারা প্রস্তুত।’
প্রতিরক্ষা সক্ষমতা দেখিয়ে কী অর্জন করতে চাইছে ইরান?
লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক প্রভাষক রব গাইস্ট পিনফোল্ড মনে করেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের কারণে ইরান এখন নিজেদের সামরিক সক্ষমতা জাহির করতে আগের চেয়ে বেশি সাহসী হয়ে উঠেছে। ওই নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে এবং কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। ইরান যুদ্ধের কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ওই নির্বাচনে মার্কিন ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছিল।
আল জাজিরাকে পিনফোল্ড বলেন, ‘ফলে ট্রাম্পের অবস্থা এখন রাখাল বালকের বাঘ আসার গল্পের মতো হয়ে দাঁড়িয়েছে। এমন একটি ধারণা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র এই সংঘাত আরও বাড়াতে নিরুৎসাহিত বা পিছুটান অনুভব করছে।’
অন্যদিকে রামি খৌরি বলেন, ইরান ধাপে ধাপে তাদের কারিগরি ও সামরিক সক্ষমতা এবং পাল্টা আঘাত হানার রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করছে। এর মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এটি দেখানো যে, পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে যেকোনো দেশে নিজেদের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো অত্যন্ত উন্নত সক্ষমতা ইরানের রয়েছে।
তবে পিনফোল্ড উল্লেখ করেন, দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের কারণে ইরান কোণঠাসা হয়ে পড়েছে এবং সে কারণেই দেশটি উত্তেজনা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছে। ইরানের অর্থনীতি ইতিমধ্যে মন্দার কবলে পড়েছে এবং তা আরও বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা বাড়ছে। পিনফোল্ড বলেন, ‘এই মুহূর্তে ইরান থেকে সামান্যই তেল বাইরে যেতে পারছে, কিংবা আদৌ পারছে না।’





