রাসপূর্ণিমা উপলক্ষে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাস উৎসব। ঢাক, ঢোল, শব্দধ্বনি আর ভক্তদের পদচারণায় মুখর ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণ। পূজা-অর্চনা আর প্রার্থনায় মেতে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ভক্ত।
ভক্তদের মধ্যে একজন বলেন, ‘ভগবান ও ভক্তের মিলনকেন্দ্র আমাদের এখানে। আমি ছোটবেলা থেকেই এই মন্দিরে আসি এবং এই রাসমেলা উপভোগ করি।’
অন্য একজন বলেন, ‘সারা বছরই যেন আমরা ভালোভাবে চলতে পারি, আগামীতে যেন আবার গোবিন্দর চরণে ঠাঁই পাই। অনেক ভক্তের পূর্ণতা লাভ করার জন্য এখানে আসে কান্তজিউ মন্দিরে, আমাদের প্রাণপ্রিয় কান্তজিউ মন্দির।’
প্রায় পৌনে ৩০০ বছরের ঐতিহ্য বহন করছে কান্তজিউ মন্দিরের এই রাস উৎসব। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে বসেছে মাসব্যাপী মেলা। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে পুরো মন্দির এলাকা।
দর্শনার্থীদের মধ্যে একজন বলেন, ‘আমাদের মনের বিশ্বাস থেকেই আমরা ২৭৪ বছর যাবৎ এই রাসমেলাটিকে ঘিরে আমাদের আনন্দ উৎসব।’
ভক্তদের কাছে এই উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি বিশ্বাস ও পারিবারিক ঐতিহ্যের অংশ। অনেকেই পরিবার-পরিজনের মঙ্গল, দেশে ও বিশ্বে শান্তি এবং সম্প্রীতি কামনায় প্রার্থনা করছেন।
ভক্তদের মধ্যে একজন বলেন, ‘মানুষে মানুষে এবং আমরা সবাই যে ভাই ভাই এবং সবার প্রতি সবার যে ভালোবাসা থাকা উচিত, সেই বোধটাই গড়ে ওঠে এখানে এসে। কারো মনের বাসনা পূর্ণ হয় যদি সে মনপূর্ণ করে এখানে আসে।’
দিনাজপুরের রাজপরিবারের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে কান্তজিউ মন্দিরের এই রাস উৎসব। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই আয়োজন উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তর ধর্মীয় সমাবেশ।
দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট এজেন্ট রণজিৎ সিংহ বলেন, ‘এখানে যে নিরাপত্তা দরকার, সেটা সরকারিভাবে ম্যানেজ করা হয়। পুলিশ প্রশাসন আছে এখানে, জেলা প্রশাসন আছে, এখানে আমাদের কোনো নিরাপত্তার ঘাটতি নেই আর ভক্তরা আসে সারা উদযাপন করে এখানে, এখানে থাকে।’
আয়োজকরা জানিয়েছেন, আগামী এক মাস ধরে চলবে এই উৎসব ও মেলা। ধর্মীয় আয়োজনের পাশাপাশি মেলাকে ঘিরে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও তৈরি হয়েছে বাড়তি কর্মচাঞ্চল্য।
দীর্ঘ ঐতিহ্য আর ধর্মীয় বিশ্বাসের বন্ধনে কান্তজিউ মন্দিরের এই রাস উৎসব পরিণত হয়েছে সারাদেশের লাখো মানুষের মিলনমেলায়। আগামী এক মাস ধরে চলবে এই আয়োজন।





