নোয়াখালীর কবিরহাট উপজেলায় গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। তবে সম্প্রতি ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। গত ২৩ নভেম্বর ভুক্তভোগী কিশোরীর বাবা কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে, গত সোমবার অভিযুক্ত শিপনকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ভুক্তভোগী কিশোরীর বাবা পেশায় কৃষক। তার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে কবিরহাট উপজেলার মো. শিপন তার মেয়েকে বাড়ি থেকে নিয়ে যান। পরে শিপনসহ সাইফুল ইসলাম (২৩) ও মোছলেহ উদ্দিন (২৪) তাকে ধর্ষণ করেন। এসময় অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করেন। কাউকে কিছু জানালে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয় কিশোরীকে।
কিশোরীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। গত ২২ নভেম্বর বিভিন্নজনের মাধ্যমে মেয়েকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পান। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। এরপর এলাকার লোকজনের সহযোগিতা চাইলে তারা অভিযুক্ত শিপনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
মামলার প্রধান আসামি শিপনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া ভুক্তভোগী কিশোরীর জবানবন্দি ২২ ধারায় রেকর্ড করা হয়েছে। মামলার অপর দুই আসামি এখনো পলাতক।
কিশোরীর বাবা জানান, তার চার মেয়ে ও দুই ছেলে। বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। বাকি দুই মেয়ের মধ্যে একজন বাক্প্রতিবন্ধী। ২০১২ সালে ওই মেয়েকে ধর্ষণ করেন রাজীব হোসেন নামের এক যুবক। বাক্প্রতিবন্ধী হওয়ায় তখন তিনি কাউকে বিষয়টি জানাতে পারেননি। পরে অন্তঃসত্ত্বা হওয়ার পর ঘটনা জানাজানি হয়। মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর আদালতে মামলা করেন তিনি।
ওই ঘটনায় জন্ম নেয়া ছেলেটির বয়স এখন প্রায় ১৩ বছর। দীর্ঘদিন মামলা চালানোর পর গত বছরের ডিসেম্বরে আদালত রাজীব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি। ভুক্তভোগীর বাবা জানান, তিনি শুনেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে বিদেশে রয়েছেন।
এক মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে মামলা চালাতে হয়েছে তাকে। এতে আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান এই কৃষক। এবার আরেক মেয়ের একই ধরনের ঘটনার শিকার হওয়ার পর নতুন করে মামলা চালানোর খরচ কীভাবে জোগাড় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ‘কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা জানার পর আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রেপ্তার শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া কিশোরীর জবানবন্দি ২২ ধারায় রেকর্ড করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
আগের ধর্ষণ মামলার বিষয়ে জানতে চাইলে ওসি জানান, দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর তিনি আগের ঘটনার বিষয়ে জানতে পেরেছেন। ওই মামলায় আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা থাকলে এবং তিনি এলাকায় অবস্থান করলে তাকেও আইনের আওতায় আনা হবে।





