আজ (রোববার, ২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বরংগাইল বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান সূত্রে জানা যায়, নোংরা পরিবেশে ও পোড়া তেল ব্যবহার করে খাবার তৈরি এবং সংরক্ষণের দায়ে লক্ষ্মী সুইটস অ্যান্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের দায়ে একই আইনের ৫১ ধারায় মেসার্স মিজান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





