অভিযান সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের একটি বড় অংশ নিয়মিত ও পূর্ণসময় দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ রয়েছে। অভিযানে প্রায় ৭০ শতাংশ চিকিৎসকের যথাযথভাবে দায়িত্ব পালন না করার প্রমাণ পেয়েছে দুদক।
এছাড়া বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থায় অনিয়ম এবং হাসপাতালের ফার্মেসি থেকে রোগীদের মধ্যে ওষুধ বিতরণের স্লিপে সংশ্লিষ্ট চিকিৎসকের সিল ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ না থাকার প্রমাণও পেয়েছে আভিযানিক দল। পাশাপাশি প্যাথলজি বিভাগে মজুত ও ব্যবহৃত টেস্ট কিটের হিসাবেও গরমিল পাওয়া গেছে। নথিপত্র অনুযায়ী ১ হাজার ২৫০টি কিট মজুত থাকার কথা থাকলেও পাওয়া গেছে মাত্র ৩৪৮টি। এসব বিষয়ে দুদকের কাছে সন্তোষজনক জবাব দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন সাংবাদিকদের জানান, অভিযানে পাওয়া অনিয়ম ও অসংগতিগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।





