আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিকেলে প্রতিষ্ঠানটির ডাইরেক্টর অপারেশন এরেন লি স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে কাঁচামাল সরবরাহ ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে গেছে। ফলে নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
তাই বাংলাদেশ ইপিজেড আইন, ২০১৯-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী, আগামীকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। এসময়ে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের কারখানায় উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পুনরায় অর্ডার পাওয়া গেলে কার্যক্রম শুরু করা হবে।
আরও পড়ুন:
লে-অফ চলাকালীন শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতাদি বাংলাদেশ ইপিজেড আইন, ২০১৯-এর ১৫ নম্বর ধারা অনুযায়ী পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আযহার বোনাস আগামী ৭ মে থেকে ১৪ মে— এর মধ্যে সংশ্লিষ্টদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হবে।
উত্তরা ইপিজেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাঁচামালের অভাব ও ক্রয়াদেশ কমে যাওয়ার কারণে ম্যাজেন বিডি কর্তৃপক্ষ লে-অফের নোটিশ দিয়েছে। কাঁচামাল সরবরাহ ও নতুন অর্ডার পেলে কারখানা পুনরায় চালু হবে।’
উল্লেখ্য, ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বর্তমানে চার হাজার ৩৬১ জন স্থানীয় শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। এর পাশাপাশি ৯৬ জন চীনা নাগরিক ও বিশেষজ্ঞ এখানে কাজ করছেন। প্রতিষ্ঠানটির এই সিদ্ধান্তে স্থানীয় হাজারো শ্রমিকের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।





