নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ
অবিস্ফোরিত ককটেল
এখন জনপদে
অপরাধ
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনদুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী চার সদস্যের একটি দল হঠাৎ করে প্রবাসী বাবুল মিয়ার তিনতলা বাড়ির সামনে এসে দু’টি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়, অন্যটি বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে।

ভুক্তভোগীর পরিবার জানায়, বাবুল মিয়া ও তার জামাতা যুক্তরাষ্ট্রে থাকেন। বাড়িটির নিচের দুইতলায় ভাড়াটিয়া এবং উপরের তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। ঘটনার সময় মুখোশধারী দু’জন ঘরে ঢুকে তার মেয়েকে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে এবং মুখে কাপড় গুঁজে দেয়। পরে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন:

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

এসএস