নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ
অস্ত্রসহ গ্রেপ্তার ১
এখন জনপদে
অপরাধ
1

নারায়ণগঞ্জের বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব–১১। গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) রাতে বন্দর থানার পূর্ব চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দু’টি চাকু এবং বেশ কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়।

আজ (বুধবার, ১১ মার্চ) বিকেলে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া দিপু বন্দরের মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামের মুইচা কালাম ওরফে আবু কালামের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে।

আরও পড়ুন:

দিপু দীর্ঘদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো বলে জানিয়েছে র‍্যাব। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল এবং মাদকব্যবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাব বলছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএস