গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা; স্তব্ধ এলাকা

কাপাসিয়া থানা
এখন জনপদে
অপরাধ
1

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন পরিবারের কর্তা ফোরকান মিয়া। পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ভয়াবহ এ হত্যাকাণ্ডে আজ (শনিবার, ৯ মে) স্তব্ধ হয়ে আছে পুরো এলাকা।

কাপাসিয়ার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে প্রবাসী মনিরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একই পরিবারের পাঁচজনের রক্তাক্ত মরদেহ। গতকাল (শুক্রবার, ৮ মে) দিবাগত রাতে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, মেয়ে মীম, মারিয়া, ফারিয়া এবং শ্যালক রসুল মিয়া।

স্থানীয়রা জানান, প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে বছরখানেক আগে পরিবার নিয়ে ভাড়ায় ওঠেন প্রাইভেটকার চালক ফোরকান মিয়া। শনিবার সকালে ঘরের ভেতর পাঁচজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এদিকে হত্যাকাণ্ডের পর ফোরকান মিয়া গোপালগঞ্জে শ্বশুর বাড়িতে ফোন করে হত্যার কথা জানায়। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুন:

ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, ডিবি, পিবিআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ক্রাইমস সিন ইউনিট আলামত সংগ্রহ করছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘরের ভেতর থেকে দেশিয় মদের খালি বোতলও উদ্ধার করা হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাঁচজনের হত্যাকাণ্ডে আতঙ্কিত স্থানীয়রা দ্রুত ঘাতককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পলাতক ফোরকান মিয়াকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএস