চকরিয়ায় চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা; ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী

দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও মোটরসাইকেল; রাস্তায় ছড়ানো ইয়াবা কুড়িয়েছেন স্থানীয়রা
এখন জনপদে
অপরাধ
0

কক্সবাজারের চকরিয়ায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের’ অস্থায়ী তল্লাশি চৌকি দেখে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় এক মাদকের কারবারি মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় সড়ক ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ৩০ হাজারের বেশি ইয়াবা। পরে সেগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশ। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের আরও এক আরোহী আহত অবস্থায় পালিয়ে যান।

আজ (বৃহস্পতিবার, ২১ মে) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. আনিছুর রহমান।

নিহত নুর হোসেন মনু (২৮) কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে। ঘটনায় পলাতক জালাল আহমদ একই এলাকার জহির আহমদের ছেলে।

জানা যায়, সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নতুন মসজিদ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। বেলা ১২টার দিকে কক্সবাজার দিক থেকে আসা একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে আরোহীরা চেকপোস্টটি দেখতে পায়।

এসময় মোটরসাইকেলটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই আরোহী আহত হয়। এছাড়া তাদের সঙ্গে বহন করা বিপুল পরিমাণ ইয়াবা সড়ক ও আশপাশে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

পরে আহত অবস্থায় এক মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হসপিটালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এটিএসআই মো. আনিছুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করেছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক ও সহকারি পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় ইয়াবাগুলো স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কুড়িয়ে আহরণ করা ইয়াবাগুলো একত্রে করে গণনা করা হয়েছে। এতে পরিমান দাঁড়ায় ৩০ হাজার ৫০টি।

এছাড়া দুর্ঘটনার পর আহত অবস্থায় পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীর সন্ধানে পুলিশ খোঁজখবর নেয়া অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

এসএইচ