মৌলভীবাজারের শিশুকে ব্যবহার করে কৌশলে ৫ লাখ টাকা চুরি; গ্রেপ্তার ২

মৌলভীবাজার
শিশুকে ব্যবহার করে চুরি
অপরাধ
0

মৌলভীবাজারের বড়লেখায় ডিপার্টমেন্টাল স্টোরে শিশুকে ব্যবহার করে অভিনব কৌশলে ৫ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আইনের সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেয়া হয়েছে।

গতকাল (মঙ্গলবার, ২৬ মে) সিলেটের বিশ্বনাথ থানার সহযোগিতায় স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগম (৩১) এবং শিশুটিকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১০ মার্চ শাহবাজপুর বাজারের ‘রাসেল ভেরাইটিজ স্টোর’-এ দুই বোরকা পরিহিত নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা মালামাল কেনার কথা বলে দোকান মালিককে ব্যস্ত রাখে। এ সুযোগে তাদের সঙ্গে থাকা প্রায় ৭ বছরের এক শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি করানো হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ।

পরে ২৬ মে সিলেট জেলার বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় প্রধান আসামি স্মৃতি রানি শাহজি প্রকাশ স্মৃতি বেগম (৩১) এবং আইনের সংঘাতে জড়িত শিশু (০৮)-কে বিশ্বনাথ থানাধীন সন্ধানী ক্লিনিক এলাকা হতে হেফাজতে নেয়া হয়।

আরও পড়ুন:

গ্রেপ্তারকৃত স্মৃতি বেগমের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে ৪টায় দক্ষিণ সুরমা থানা পুলিশের সহায়তায় দক্ষিণ সুরমা থানাধীন ওমর কবর কাশবন এলাকা থেকে শানু বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন বাজারে ক্রেতা সেজে দোকান মালিকদের অগোচরে টাকা চুরি করে।

তাদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।

গ্রেপ্তার দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে। আর আইনের সংঘাতে জড়িত শিশুটিকে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রবেশন অফিসার ও শিশু বিষয়ক কর্মকর্তার পরামর্শে তার নানীর জিম্মায় দেয়া হয়েছে বলে জানান বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান

এফএস