সমঝোতা স্মারকের সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না: ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারকের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। রোববার দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে দেশটির সংবাদমাধ্যম নূরনিউজ।

তেহরানের পক্ষ থেকে পাঠানো একটি কূটনৈতিক প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটনের জবাব পাওয়ার পর গালিবাফ বলেন, ‘আমেরিকানরা গণমাধ্যমে এক কথা বললেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্প্রতি কিছু প্রস্তাব পাঠিয়েছে। তবে তাদের বুঝতে হবে যে সময়ক্ষেপণ করা ও একতরফা শর্ত চাপিয়ে দেয়ার দিন শেষ হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট ও দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে নির্ধারিত আমাদের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।’

এদিকে রোববার রাজধানী তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ওয়াশিংটন যদি তেহরানের প্রস্তাব মেনে নেয়, তবে আগামী সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব হতে পারে।

আরাঘচি উল্লেখ করেন, প্রণালিটি খুলে দেয়ার বিষয়ে নিজেদের শর্তাবলি ইরান পরিষ্কারভাবে তুলে ধরেছে এবং সেগুলো ওয়াশিংটনের প্রতিশ্রুতির সঙ্গে সম্পর্কিত। তেহরান কূটনীতিকেই প্রাধান্য দিতে চায় জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র যদি আলোচনার পথ ছেড়ে আবারও সামরিক পদক্ষেপ বেছে নেয়, তবে ইরানও জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। আরাঘচি বলেন, ‘তারা যদি আবারও সামরিক সমাধানের দিকে যায়, তবে আমরা আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং নিজেদের প্রতিরক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেব।’

—রয়টার্সের প্রতিবেদনে অবলম্বনে

এএম