নারায়ণগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার; পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ
ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ
এখন জনপদে
অপরাধ
0

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকা থেকে মোতালেব হোসেন নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, নির্যাতন ও শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

মোতালেব লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় তার শ্বশুর বাড়িতে বসবাস করতেন এবং মাসদাইর বাজারে তার একটি দোকান রয়েছে।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল (বুধবার, ১ জুলাই) সকাল ৮টায় বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন মোতালেব। অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

আরও পড়ুন:

পরে আজ সকালে তার মরদেহ উদ্ধারের পর তা শনাক্ত করেন নিহতের স্বজনরা। এসময় হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. ওয়াসিম খান জানান, ধারণা করা হচ্ছে তাকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা পর তোষকে মুড়িয়ে সড়কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যায় জড়িত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

এসএইচ