কুমিল্লায় ৯৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বিজিবির

কুমিল্লা
বিজিবির অভিযানে জব্দকৃত পণ্য ও গাড়ি
এখন জনপদে
অপরাধ
0

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন।

এসময় অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি আটক করা হয়। আজ (রোববার, ২৩ আগস্ট) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানায়, ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়।

এর কিছুক্ষণ কাছাকাছি সময়ে জেলার আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের বিশেষ টহলদল পৃথক অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম জব্দ করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, পৃথক দুই অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে।

এএইচ