টয়লেটে মাংস ধোয়াসহ নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার; তিন রেস্তোরাঁকে জরিমানা

মানিকগঞ্জ
রেস্তোরাঁকে জরিমানা
এখন জনপদে
অপরাধ
3

মানিকগঞ্জ শহরের তিনটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নানা অনিয়ম পাওয়ায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি রেস্তোরাঁর টয়লেটে মাংস ধোয়া এবং খাবার তৈরিতে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা উপস্থিত ছিলেন।

অভিযানে শহরের ঢাকা বিরিয়ানি হাউজে রান্নাঘরের পরিবেশ ও খাদ্য তৈরির প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। রেস্তোরাঁটির টয়লেটের ভেতরে মাংস ধোয়া হচ্ছিল। এ ছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ কেমিকেল ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারায় ঢাকা বিরিয়ানি হাউজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে হাজী নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার টাকা এবং দ্বীন দুনিয়া রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ঢাকা বিরিয়ানি হাউজ কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে রান্নাঘর অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে রান্নাঘর স্থানান্তর না করলে নিরাপদ খাদ্য আইনে মামলা করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেয়া হয়েছে।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ঢাকা বিরিয়ানি হাউজের রান্নাঘরের পরিবেশ খাবার তৈরির জন্য স্বাস্থ্যসম্মত ছিল না। টয়লেটের ভেতরে মাংস ধোয়ার বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ছাড়া খাবারে নিষিদ্ধ কেমিকেল ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। এছাড়া অন্য রেস্তরাগুলোতে খাবার তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকায় এ জরিমানা করা হয়।

এফএস