আজ (সোমবার, ৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নোটিশটি পেশ করা হয়। অধিবেশনের প্রথমদিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।
আরও পড়ুন:
নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দফায় দফায় এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তসহ সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। কোনো ধরনের গণশুনানি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত না নিয়েই এই মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ তোলে বিরোধীদল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের বিভিন্ন ধারা ও প্রবিধান যথাযথভাবে অনুসরণ না করার কারণে ভোক্তারা দ্বিমুখী আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। একইভাবে অন্যান্য জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণে জনস্বার্থ উপেক্ষা করা হলে তা সামগ্রিক অর্থনীতি, কৃষি ও শিল্প খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
নোটিশে বিদ্যমান অনিয়ম ও মূল্যবৃদ্ধি রোধে অবিলম্বে আইনানুগভাবে গণশুনানির আয়োজন, স্বচ্ছ প্রবিধান প্রণয়ন এবং জ্বালানি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। দেশের সার্বিক জনস্বার্থ বিবেচনা করে জ্বালানি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেয়া এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য ওই নোটিশে জোর দাবি জানানো হয়েছে।





