যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১, খালে নেমে নিখোঁজ সঙ্গী

খালে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা
এখন জনপদে
অপরাধ
0

যশোরে ইঞ্জিনচালিত শ্যালো চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার সঙ্গী মনিরুজ্জামান গুরুতর আহত হয়েছেন এবং আরেক সঙ্গী বিল্লাল হোসেন খালে ঝাপ দিয়ে নিখোঁজ আছেন।

আজ (শনিবার, ১১ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মনিরুজ্জামান গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহত ও নিহতরা পাশ্ববর্তী চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে মনিরুজ্জামান, মিজানুর ও বিল্লাল চান্দুটিয়া গ্রামে ইঞ্জিনচালিত শ্যালো চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। এমন সময় ওই তিনজনকে স্থানীয়রা ধাওয়া দিলে তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল খালে ঝাঁপ দেন। পরে মনিরুজ্জামান ও মিজানুর রহমানকে এলাকাবাসী ধরে গণপিটুনি দেয়।

আরও পড়ুন:

এরপর পুলিশ মিজানুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মনিরুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় খালে নিখোঁজ আছেন বিল্লাল হোসেন। বিল্লালকে খুঁজতে খালে তল্লাশি করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

যশোর কোতয়ালী মডেল থানার (ওসি) কবির হোসেন বলেন, ‘চুরির অভিযোগে গণপিটুনিতে একজন মারা গেছে। একজন খালে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে খালে ফায়ার সার্ভিসের ব্যক্তিরা তল্লাশি করছে। তিনি খালে আছেন, নাকি পালিয়ে গেছেন সেটা তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ নজরদারি করছে।’

এসএইচ