সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যার ঘটনার রহস্য উদঘাটন, মূল আসামিসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম
ঘটনার বিস্তারিত জানাতে পুলিশের সংবাদ সম্মেলন
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পুলিশ জানায়, এ ঘটনায় মূল আসামিসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া ইস্পাত শিল্পের স্ক্র্যাপ ও বালুর ব্যবসাসহ দীর্ঘদিন ধরে চলা নানা বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

আজ (রোববার, ১৮ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, রাতে খাবার খেয়ে বাপ্পি ও তার বন্ধু ইমন মোটরসাইকেলে অলিনগর যাচ্ছিলেন। এসময় আগে থেকেই আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র নিয়ে ওত পেতে থাকা অভিযুক্তরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর বাপ্পি ও তার বন্ধুকে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। এক পর্যায়ে প্রধান আসামি মো. আরিফ হোসেন বাপ্পিকে লক্ষ্য করে গুলি করে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:

তিনি আরও জানান, ঘটনার এক পর্যায়ে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে আসামিরা পালিয়ে যান। তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, নিহত বাপ্পির সঙ্গে আরিফ হোসেন ও তার সহযোগীদের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

এসপি মাসুদ আলম বলেন, ‘এ ঘটনায় আমরা ৬ জনকে আটক করেছি এবং ঘটনা ঘটার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই এ ঘটনার রহস্য উদঘাটন থেকে শুরু করে হত্যায় জড়িত সবাইকে শনাক্ত করতে পেরেছি। এছাড়া ঘটনার মূল হোতাদের আমরা আইনের আওতায় এনেছি। তাদের আজ আমরা আদালতে পাঠাবো।’

এছাড়া এ ঘটনায় একটি বিদেশি রিভলবার, একটি পিস্তল ও একটি দেশি এলজি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এর আগে, গত শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় বাপ্পিকে গুলি করে হত্যা করা হয়।

এসএইচ