যশোরে ধানখেতে মিললো অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ

মরদেহের প্রতীকী
এখন জনপদে
অপরাধ
0

যশোরের কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (শনিবার, ৩১ অক্টোবর) রাতে মরদেহ দু’টি হেফাজতে নেয় কেশবপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতে শনিবার দু’জন নারী–পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি হেফাজতে নেয়। নিহত দুই নারী-পুরুষের বয়স আনুমানিক ৫০ বছর।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘নিহত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা আছে। আর নিহত নারীর পরনে ম্যাক্সি। পুলিশের ফরেনসিক দল যশোর থেকে আসার পরে মরদেহ দু’টি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হবে। নিহত দুজনকে এলাকাবাসী চিনতে পারছেন না।’

এছাড়া মৃত্যুর কারণ এখনো জানা না গেলেও মরদেহ দু’টির ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করেন পুলিশের এ কর্মকর্তা।

এসএইচ