‘প্রেমের সম্পর্কের’ জেরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত— বলছে পুলিশ

অভিযুক্ত ইমন
অপরাধ
0

কুষ্টিয়ায় স্কুলছাত্রী জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে প্রেমের সম্পর্কের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার দুপুরে এসএসসি টেস্ট পরীক্ষা শেষে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় ভাড়া বাসায় ফিরছিল জাকিয়া। বাসার ফটকে কলিংবেল চেপে অপেক্ষা করার সময় হঠাৎ তার ওপর ছুরি নিয়ে হামলা চালায় দশম শ্রেণির শিক্ষার্থী ইমন। এলোপাতাড়ি ছুরিকাঘাতের ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনের বাবা দীর্ঘদিন ধরে তুরস্কে বসবাস করছেন। তার বড় ভাই স্ত্রীসহ থাকেন সুইডেনে। পরিবারের দুই সন্তানের মধ্যে ছোট ইমন কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় নিজেদের ছয়তলা বাড়িতে থাকত। তবে আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) দুপুরে ওই বাড়িতে গিয়ে তার মাকে পাওয়া যায়নি।

প্রতিবেশীদের দাবি, জাকিয়ার সঙ্গে ইমনের প্রেমের সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের একাধিক ছবি ও একসঙ্গে সময় কাটানোর ভিডিও প্রকাশ পেয়েছে। এসব ছবি ও ভিডিওতে দুজনকে হাসিখুশি অবস্থায় দেখা যায়। তবে একপর্যায়ে তাদের সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকেই ইমনের আচরণে কিছুটা পরিবর্তন দেখা যায় বলে দাবি করেছেন কয়েকজন প্রতিবেশী।

আরও পড়ুন:

তাদের ধারণা, সম্পর্কের টানাপোড়েন থেকেই জাকিয়ার ওপর হামলা চালিয়েছে ইমন। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে প্রেমঘটিত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’

এদিকে, প্রকাশ্য দিবালোকে বাসার সামনে এক স্কুলছাত্রীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কিশোর-কিশোরীদের সম্পর্কের টানাপোড়েন থেকে এ ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবারকে আরও সচেতন হওয়ার পাশাপাশি সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

এফএস