মোহাম্মদপুরে চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ডিবির হাতে গ্রেপ্তার বাবু

গ্রেপ্তার লিটন মাহমুদ বাবু
অপরাধ
0

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (বুধবার, ১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, কিশোর গ্যাং পরিচালনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে বিভিন্ন হাউজিং এলাকায় প্রভাব বিস্তার, বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, ক্লাবকেন্দ্রীক কর্মকাণ্ড এবং জমি দখলসংক্রান্ত অভিযোগও সামনে এসেছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি প্রভাবশালী মহল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা সংস্থার অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সচেতন মহলের।

জেআর