মানুষের বিশ্বস্ত সঙ্গীদের সম্মানে নেপালে ‘কুকুর তিহার’

নেপালে ‘কুকুর তিহার’
এশিয়া
বিদেশে এখন
0

নেপালে ধর্মীয় আচার ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন হলো ঐতিহ্যবাহী ‘কুকুর তিহার’। ফুলের মালা, পূজা আর নানা আয়োজনে কুকুরদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তুলে ধরা হয় মানুষ ও প্রাণির মধ্যে নিবিড় সম্পর্ক।

মানুষের ভাষা না বুঝেও, ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ ভাষাটি জানে কুকুর। নীরব সেই ভালোবাসায় মিশে থাকে বিশ্বাস, আনুগত্য আর আজীবন পাশে থাকার অঙ্গীকার। কুকুরের প্রতি সম্মান জানাতে সম্প্রতি তাই নেপালে হয়ে গেলো বিশেষ এক উৎসব।

নেপালের কাঠমান্ডুতে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী তিহার উৎসবের দ্বিতীয় দিনে পালিত হয়েছে ঐতিহ্যবাহী ‘কুকুর তিহার’ উৎসব। মানুষের প্রতি কুকুরের বিশ্বস্ততা ও আনুগত্যের প্রতি সম্মান জানাতেই এমন আয়োজন।

আয়োজকদের মধ্যে একজন বলেন, ‘আমরা কুকুরকে মৃত্যুর দেবতা যমরাজের দূত এবং ঈশ্বরের প্রতিরূপ হিসেবে বিবেচনা করি। সারা বছর কুকুর যে অসাধারণ দায়িত্ব পালন করে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ও ভালোবাসা জানাতেই এই পূজার আয়োজন করে আসছি।’

আরও পড়ুন:

ঐতিহ্যবাহী এই উৎসবে সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা কুকুরের গলায় ফুলের মালা পরিয়ে দেন। এসময় কুকুরের শরীরে ফুলের পাপড়ি ছড়িয়ে দিতেও দেখা যায় তাদের।

উৎসব উপলক্ষে মানুষ ও কুকুরের মধ্যে বিশেষ সম্পর্ক তুলে ধরতে ব্যতিক্রমী প্রদর্শনীরও আয়োজন করেন পুলিশ সদস্যরা। এসময় পুলিশ বাহিনীর প্রশিক্ষিত কুকুরদের আকর্ষণীয় কসরতও প্রদর্শন করা হয়।

ঐতিহ্যবাহী এই কুকুর তিহার উৎসব যমরাজ, মৃত্যু ও ন্যায়বিচারের দেবতার সঙ্গে সম্পৃক্ত প্রাণিদের প্রতি উৎসর্গ করা হয়। নেপালি সংস্কৃতিতে কুকুরের প্রতি যেকোনো ধরনের নিষ্ঠুরতাকে পাপ এবং অমঙ্গলজনক হিসেব বিবেচনা করা হয়।

এসএস