অধিবেশনে দেয়া বক্তব্যে নেতানিয়াহু আরব দলগুলোর বিরুদ্ধে ইসরাইলকে ধ্বংস করতে চাওয়ার অভিযোগ তোলেন। ঠিক তখনই তাকে বাধা দিয়ে চিৎকার করে ওঠেন বেনেট। তিনি বলেন, ‘৭ অক্টোবরের ঘটনাগুলোর তদন্তের কী হলো? কাতারের সঙ্গে আপনার উপদেষ্টাদের সম্পর্কের কী ব্যাখ্যা দেবেন? কাতারকে কেন শত্রুরাষ্ট্র ঘোষণা করছেন না?’
বেনেটের এই প্রশ্নের জবাবে নেতানিয়াহুর দল লিকুদের সংসদীয় দলের চেয়ারম্যান ওফির কাটজ চিৎকার করে বলেন, বেনেট যেন আরব দলগুলোর নেতা আহমদ তিবি ও মনসুর আব্বাসকে সঙ্গে নিয়ে এসবের তদন্ত করেন।
এ সময় ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান ও তার দলের সদস্যরা ক্ষোভ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। একই দলের আইনপ্রণেতা গিলাদ কারিভ চিৎকার করে নেতানিয়াহুর কাছে জানতে চান, ‘কাতার থেকে আপনি কত অর্থ নিয়েছেন?’ ১৯৯৫ সালে চরমপন্থীর গুলিতে সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন নিহত হওয়ার এক মাস আগের একটি সমাবেশের প্রতি ইঙ্গিত করে কারিভ বলেন, ‘জিয়ন স্কয়ারের বারান্দার সেই ঘটনার পর থেকে আপনি উসকানি দেয়া বন্ধ করেননি।’
গত মাসের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহু এই অধিবেশনে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের আহ্বান জানান। তবে একই সঙ্গে তিনি আরব দলগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থক হিসেবে তুলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছেন, যাতে বিরোধী দল ‘যাশার’-এর নেতা গাদি আইজেনকোট তাদের সমর্থনে নতুন সরকার গঠন করতে না পারেন। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন, বিপরীতে তাদের বিরোধীদের আসনসংখ্যা ৬৭।
হামাসশাসিত গাজায় কাতারের অর্থ প্রবেশের পথ সুগম করতে নেতানিয়াহু বছরের পর বছর ধরে নীতি পরিচালনা করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত অবস্থায় দোহার স্বার্থে কাজ করার বিনিময়ে অর্থ নেয়ার অভিযোগে নেতানিয়াহুর ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ইসরাইলি পুলিশ তদন্ত চালাচ্ছে। নেতানিয়াহুর দীর্ঘদিনের উপদেষ্টা জোনাথান উরিচ সম্প্রতি পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি কাতার-সংক্রান্ত কাজের জন্য কয়েক লাখ শেকেল নিয়েছিলেন, যা ৭ অক্টোবরের হামলার পরও অব্যাহত ছিল। তিনি এখনও প্রধানমন্ত্রীর দপ্তরে দায়িত্ব পালন করছেন।
৭ অক্টোবরের হামলার আগাম তথ্য শনাক্ত ও প্রতিরোধে ব্যর্থতার বিষয়ে কোনো স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে নেতানিয়াহু এখনও অস্বীকৃতি জানিয়ে আসছেন এবং ওই বিপর্যয়ের দায় তিনি কখনোই সরাসরি নিজের কাঁধে নেননি।





