বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার রাত সাড়ে ৭টার দিকে (১৯৩০ ঘটিকায়) কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/২০-আর থেকে আনুমানিক ৪০০ মিটার ভেতরে পিপুলবাড়িয়া গ্রামের পাকা রাস্তার ওপর বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। এসময় অবৈধভাবে অনুপ্রবেশ বা পারাপারে সহায়তাকারী দুই দালালকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—পিপুলবাড়িয়া গ্রামের মো. হাসেম আলী (৫৫) এবং মো. শাহাব উদ্দীন (৫০)। তাদের কাছ থেকে ৯৬ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
একই দিন রাত ৮টা ২০ মিনিটে (২০২০ ঘটিকায়) খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৭৮-আর থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে খোশালপুর গ্রামের দেলোয়ার মুন্সীর স-মিলের কাছ থেকে নিয়মিত টহল দল আটজনকে আটক করে। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক হওয়া এসব নাগরিকের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দু’টি শিশু রয়েছে। আটক পুরুষদের মধ্যে রয়েছেন খুলনার তেরখাদার বাসিন্দা লিয়াকত সরদার (৬০) ও তাঁর ছেলে মো. ইমাম সরদার (২৬) এবং দিঘলিয়ার মহিদুল শেখ (৪৮)।
এরপর রাত ৯টা ২০ মিনিটে (২১২০ ঘটিকায়) শ্যামকুড় বিওপির সীমান্ত পিলার ৬০/১১০-আর থেকে আনুমানিক ১০০ গজ ভেতরে মাইলবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে দুই পুরুষ নাগরিককে আটক করে বিজিবি। তারাও অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক দু’জন হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাজীব চন্দ্র দেবনাথ (৩০) এবং হাতিয়ার বিকাশ চন্দ্র মজুমদার (৪৭)।
সবশেষ মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটে কুসুমপুর বিওপির সীমান্ত পিলার ৬১/১৬-আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে চাপাতলা গ্রামের রফিকের কমলা বাগানের পাশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





